ডিজে মন্তব্য সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ১৫ জুলাই দুপুর ১২টায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ভয়েস স্যাম্পল দেওয়ার নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে আদালত তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে তদন্তকারী সংস্থা ও পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, আদালতের পূর্ববর্তী নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ বহাল থাকবে। ভয়েস স্যাম্পল দিতে যাওয়ার সময় কোনও অপ্রীতিকর ঘটনা, যেমন ডিম নিক্ষেপ বা বিশৃঙ্খলা, যাতে না ঘটে তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে জানান, তাঁর মক্কেল নিজের কণ্ঠস্বর অস্বীকার করছেন না। তবে আদালতের নির্দেশ মেনে ভয়েস স্যাম্পল দিতে যাওয়ার সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।
এ সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, আদালত ইতিমধ্যেই নিরাপত্তার নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশ কার্যকর রয়েছে। পাশাপাশি তিনি মন্তব্য করেন, তদন্তে সহযোগিতা করা প্রত্যেকের দায়িত্ব এবং একই বিষয়ে অন্য বেঞ্চে আবেদন করার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন। বিচারপতির পর্যবেক্ষণ, "সব কিছুরই একটা সীমা থাকা উচিত।"
রাজ্যের পক্ষে আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে দাবি করেন, ডিম নিক্ষেপের মতো কোনও ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নির্ধারিত দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির সামনে হাজির হননি।
এর জবাবে অভিষেকের আইনজীবী জানান, আদালতের আগের নির্দেশের ব্যাখ্যা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। তিনি আদালতকে আশ্বস্ত করেন যে, আগামী ১৫ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে ভয়েস স্যাম্পল দেবেন।
সব পক্ষের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেয় এবং ম্যাজিস্ট্রেটের নির্দেশ বহাল রেখে তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ পুনর্ব্যক্ত করে।