জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির উল্লাডাবড়ি এলাকায় রবিবার ভোরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত চারজনের। সরকারি সূত্রে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন যাত্রী, যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শিলিগুড়ি থেকে কোচবিহারগামী একটি সরকারি বাস উল্লাডাবড়ি এলাকায় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বহু যাত্রী আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। আহতদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে কয়েকজনের মাথা, বুক ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত রয়েছে। তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস ও ট্রাক সরিয়ে স্বাভাবিক যান চলাচল শুরু করে। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।
জলপাইগুড়ি
ময়নাগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস-ট্রাক সংঘর্ষে মৃত ৪, আহত অন্তত ২১
শিলিগুড়ি থেকে কোচবিহারগামী সরকারি বাস দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারতেই বিপর্যয়; গুরুতর জখম একাধিক যাত্রী।