বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার পর রাজ্যজুড়ে বেআইনি মাদকচক্রের বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আগামী দুই সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গজুড়ে বিশেষ মাদকবিরোধী অভিযান চলবে। এই অভিযানে বেআইনি মদের ঠেক, গাঁজা, চরস ও অন্যান্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বারুইপুর সফরে গিয়ে নির্যাতিতা নাবালিকার পরিবার এবং গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। পরে সূর্যপুরে একটি নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা ও মাদক দমনে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী বলেন, বারুইপুরের অপরাধের পিছনে বেআইনি মদের ঠেক ও মাদকচক্র একটি বড় কারণ হতে পারে। সেই কারণেই গোটা রাজ্যে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানোর জন্য রাজ্যের ডিজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, এই অভিযানে প্রয়োজনে ব্যাটেলিয়নের জওয়ানদেরও কাজে লাগানো হবে। পাশাপাশি সাধারণ মানুষের কাছেও আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোনও এলাকায় বেআইনি মদ বা মাদক বিক্রির খবর থাকলে তা প্রশাসনকে জানাতে হবে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, বেঙ্গল এসটিএফ প্রতিদিনই রেল ও বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করছে। তবে শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও মাদকচক্রের বিরুদ্ধে সমানভাবে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাঁর কথায়, সমাজকে মাদকমুক্ত করতে হলে এই চক্রকে সম্পূর্ণভাবে উপড়ে ফেলতে হবে।
তিনি বলেন, "বারুইপুরের ঘটনায় কার্য ও কারণ আছে। আমি মনে করি, বেআইনি মদের ঠেক, বেআইনি গাঁজা, চরস ও মাদকই এই ধরনের অপরাধের অন্যতম কারণ। তাই আগামী দুই সপ্তাহ ধরে বিশেষ অভিযান চলবে।"
রাজ্য সরকারের এই ঘোষণার পর আগামী কয়েক দিনে বিভিন্ন জেলায় পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানের দিকে নজর থাকবে।