ডানকুনিতে লাক্স কোজির নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গে শিল্প ও বিনিয়োগ নিয়ে আশাবাদী বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্যে উঠে আসে আগামী দিনে বাংলাকে দেশের অন্যতম শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন।
শমীক বলেন, পশ্চিমবঙ্গে এমন শিল্পবান্ধব পরিবেশ রয়েছে, যা দেশের খুব কম রাজ্যের ভাগ্যে জোটে। তাঁর দাবি, ভবিষ্যতে শুধু দেশীয় সংস্থাই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পপতিরাও বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখাবেন। তিনি বলেন, টাটা, বাটা, রিলায়েন্স, আদানি থেকে শুরু করে ইজরায়েল, সিলিকন ভ্যালি, মিউনিখ ও লন্ডনের বিনিয়োগও পশ্চিমবঙ্গে আসবে।
তিনি আরও বলেন, আগামী দিনে পশ্চিমবঙ্গকে শিল্পোন্নয়নের ক্ষেত্রে মহারাষ্ট্র ও গুজরাতের সঙ্গে সুস্থ প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এজন্য বিদেশি বিনিয়োগ (FDI), শক্তিশালী বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ), উন্নত শিল্পনীতি এবং নতুন শিল্প স্থাপনের উপর জোর দেওয়ার কথাও উল্লেখ করেন।
সিঙ্গুর প্রসঙ্গে বিশেষ আবেদন
বক্তব্যের এক গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ছিল সিঙ্গুর। শমীক ভট্টাচার্য দাবি করেন, সিঙ্গুরের ইমিটেশন জুয়েলারি শিল্প আজও হাজার হাজার মানুষের জীবিকার উৎস। প্রতিবছর কয়েক হাজার কোটি টাকার ব্যবসা হলেও এই শিল্প পর্যাপ্ত সরকারি সহায়তা পায়নি।
তিনি রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, সিঙ্গুরে একটি ইমিটেশন ও সেমি-প্রেসেস জুয়েলারি পার্ক গড়ে তোলা হলে রপ্তানি আরও বাড়বে এবং বহু মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি শিল্পের প্রসারে প্রয়োজনীয় প্রণোদনা দেওয়ারও আহ্বান জানান।
সিঙ্গুরে শিল্প ফেরার জল্পনা
ডানকুনিতে লাক্স কোজির নতুন ইউনিটের শিলান্যাসের পর শমীকের এই মন্তব্য ঘিরে সিঙ্গুরে আবারও শিল্প ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের আশা, ভবিষ্যতে সেখানে নতুন শিল্প প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হতে পারে।
যদিও এই বিষয়ে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি, তবুও শমীক ভট্টাচার্যের বক্তব্য রাজনৈতিক ও শিল্পমহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।