চব্বিশে মুক্তি পাওয়া ‘কল্কি 2898 এডি’ বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছিল। পরিচালক নাগ অশ্বিনের এই মেগা বাজেট ছবিতে প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দীপিকা পাড়ুকোনের অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। প্রথম পর্বের সাফল্যের পর থেকেই ‘কল্কি ২’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
তবে সম্প্রতি ছবির কাস্টিং নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, ‘কল্কি ২’-এ দীপিকা পাড়ুকোনের পরিবর্তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে আলিয়া ভাটকে। যদিও ছবির নির্মাতারা এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেননি।
সূত্রের খবর, আলিয়া ভাট ইতিমধ্যেই হায়দরাবাদে ছবির কিছু অংশের শুটিং সম্পন্ন করেছেন। তবে তিনি দীপিকার অভিনীত ‘সুমতি’ চরিত্রে অভিনয় করবেন নাকি সম্পূর্ণ নতুন কোনও চরিত্রে হাজির হবেন, তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে, ‘সুমতি’ চরিত্রের জন্য দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর নামও আলোচনায় রয়েছে। ফলে ‘কল্কি ২’-এর চূড়ান্ত কাস্টিং নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। সিনেমাপ্রেমীদের একাংশের মতে, সিক্যুয়েলে নতুন চরিত্র সংযোজনের মাধ্যমে গল্পকে আরও বিস্তৃত করার পরিকল্পনা করছেন নির্মাতারা।
বর্তমানে আলিয়া ভাট ব্যস্ত রয়েছেন তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘আলফা’-র প্রচারে। আগামী ৩ জুলাই মুক্তি পেতে চলেছে ছবিটি। অন্যদিকে ‘কল্কি ২’-এর শুটিংও জোরকদমে এগোচ্ছে। সব কিছু ঠিক থাকলে ২০২৭ সালের শেষের দিকে ছবিটি মুক্তি পেতে পারে বলে ইন্ডাস্ট্রি সূত্রে খবর।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই ‘কল্কি ২’ ঘিরে একাধিক জল্পনা ও বিতর্ক সামনে এসেছে। কখনও দীপিকা পাড়ুকোনের কাজের সময়সূচি নিয়ে বিতর্ক, কখনও আবার প্রিয়াঙ্কা চোপড়ার নাম জড়িয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে সব বিতর্কের মাঝেই ছবির শুটিং এগিয়ে নিয়ে যাচ্ছেন পরিচালক নাগ অশ্বিন। এখন দর্শকদের অপেক্ষা, ‘কল্কি ২’-এর চূড়ান্ত তারকাসূচি প্রকাশের।