বর্ষার ছন্দে এবার ভিজতে চলেছে দক্ষিণবঙ্গও উত্তরবঙ্গে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অন্যদিকে দক্ষিণবঙ্গেও ধীরে ধীরে সক্রিয় হচ্ছে বৃষ্টির পরিস্থিতি। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বর্তমানে পঞ্জাব থেকে বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপর দিয়ে গিয়েছে। এই আবহাওয়াগত পরিস্থিতির জেরেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।
আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। তবে শনিবার থেকে পরিস্থিতির পরিবর্তন শুরু হবে। আগামী তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়বে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা বেশি। পাশাপাশি হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তর ২৪ পরগনাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতাবাসীর জন্যও রয়েছে স্বস্তির খবর। শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি যার জেরে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে দুপুর দুটো পর্যন্ত। চরম নাকাল সাধারন থেকে অফিস যাওয়া মানুষজন বৃষ্টি কমলেও ঝিরিঝিরি বৃষ্টির ফলে অস্বস্তি শহরবাসীর।
অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। এর ফলে পাহাড়ি এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে।
শনিবার ও রবিবার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সব মিলিয়ে, সপ্তাহান্তে উত্তর ও দক্ষিণ— দুই বঙ্গেই বৃষ্টির দাপট বাড়তে চলেছে। বিশেষ করে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।