ভারতের রেল যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের পথে এগোচ্ছে কেন্দ্র সরকার। দেশের প্রধান শহরগুলিকে অত্যাধুনিক উচ্চগতির রেলপথে যুক্ত করতে প্রায় ১৬ লক্ষ কোটি টাকার হাই-স্পিড রেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে ভারতীয় রেল। এই প্রকল্প বাস্তবায়িত হলে দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছতে সময় লাগবে মাত্র ৬ ঘণ্টা এবং মুম্বই থেকে পুনে পৌঁছানো যাবে মাত্র ৪৮ মিনিটে।
সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র সঙ্গে নবান্নে বৈঠক করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী Ashwini Vaishnaw। সেই বৈঠকেই দেশের রেল ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর।
রেল মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী দেশের উত্তর, পূর্ব, পশ্চিম ও দক্ষিণাঞ্চলকে সংযুক্ত করতে একাধিক নতুন বুলেট ট্রেন করিডর তৈরি করা হবে। এর ফলে বিমান ও সড়ক পরিবহণের উপর চাপ কমবে এবং দীর্ঘ দূরত্বের যাত্রা আরও দ্রুত, নিরাপদ ও আরামদায়ক হয়ে উঠবে।
বর্তমানে দিল্লি থেকে শিলিগুড়ি যেতে দ্রুততম ট্রেনেও ২০ ঘণ্টার বেশি সময় লাগে। কিন্তু দিল্লি-বারাণসী এবং বারাণসী-শিলিগুড়ি হাই-স্পিড করিডর চালু হলে সেই সময় কমে দাঁড়াতে পারে মাত্র ৬ ঘণ্টায়। অর্থাৎ সকালে দিল্লি থেকে রওনা দিলে দুপুরের মধ্যেই শিলিগুড়ি পৌঁছে যাওয়া সম্ভব হবে।
বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প চালু হলে উত্তরবঙ্গের পর্যটন, বাণিজ্য ও শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। একইভাবে মুম্বই-পুনে করিডর চালু হলে দুই শহরের মধ্যে যাতায়াতের সময় এক ঘণ্টারও কমে নেমে আসবে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই জানিয়েছেন, ভবিষ্যতের অধিকাংশ বুলেট ট্রেন প্রকল্পে ‘মেক ইন ইন্ডিয়া’ নীতিকে অগ্রাধিকার দেওয়া হবে। দেশীয় প্রযুক্তি ও উৎপাদনের মাধ্যমে ব্যয় কমানো এবং দ্রুত প্রকল্প বাস্তবায়নই রেল মন্ত্রকের মূল লক্ষ্য।
বিশ্বের সঙ্গে তুলনা
বিশ্বের উন্নত দেশগুলির হাই-স্পিড রেল ব্যবস্থার সঙ্গে তুলনা করলে ভারতের এই পরিকল্পনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Beijing – Shanghai : ১,৩১৮ কিমি, সময় ৪.৫ ঘণ্টা
Tokyo – Osaka : ৫১৫ কিমি, সময় ২.৫ ঘণ্টা
Paris – Lyon : ৪২৭ কিমি, সময় ২ ঘণ্টা
ভারতের প্রস্তাবিত বুলেট ট্রেন নেটওয়ার্ক বাস্তবায়িত হলে দেশও বিশ্বের উন্নত হাই-স্পিড রেল ব্যবস্থার তালিকায় আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।
এক নজরে বুলেট ট্রেন পরিকল্পনা
✔ ১৬ লক্ষ কোটি টাকার হাই-স্পিড রেল প্রকল্প
✔ দিল্লি-শিলিগুড়ি মাত্র ৬ ঘণ্টা
✔ মুম্বই-পুনে মাত্র ৪৮ মিনিট
✔ ৭টি নতুন বুলেট ট্রেন করিডরের প্রস্তাব
✔ ‘মেক ইন ইন্ডিয়া’ প্রযুক্তিতে জোর
✔ উত্তরবঙ্গসহ বিভিন্ন অঞ্চলে শিল্প ও পর্যটনের নতুন সম্ভাবনা