আন্তর্জাতিক যোগ দিবসের আগে কলকাতায় বিশেষ দৌড়, সূচনা করলেন শুভেন্দু অধিকারী
যোগের মাধ্যমে বিশ্বের সঙ্গে ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বন্ধনকে আরও সুদৃঢ় করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেই ধারাবাহিকতায় ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের অন্যতম প্রধান অনুষ্ঠান আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে কলকাতাকে। এই কর্মসূচির আয়োজন করছে পশ্চিমবঙ্গ সরকার।
যোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি আগ্রহ ও সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার কলকাতায় একটি বিশেষ দৌড়ের আয়োজন করা হয়। কলকাতা পুরসভার হগ মার্কেট চত্বর থেকে এই দৌড়ের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আয়ুষ রাষ্ট্র মন্ত্রী প্রতাপ রাও যাদব, রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রিড়া মন্ত্রী ইন্দ্রনীল খা, পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল সহ প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক।
হগ মার্কেট থেকে শুরু হওয়া এই বিশেষ দৌড় 'দৌড় সে ধ্যানম' মহাকরণের সামনে গিয়ে শেষ হয় । মুখ্যমন্ত্রী বলেন , যোগের শারীরিক ও মানসিক উপকারিতা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কলকাতার এই বিশেষ দৌড় সেই প্রস্তুতিরই গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে।