বাংলার বন্ধ শিল্পে নতুন করে গতি আনতে আরও সাতটি বন্ধ জুটমিল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, আগামী ১০ জুলাইয়ের মধ্যে হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলার সাতটি জুটমিল পুনরায় চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জানানো হয়েছে, নিউ সেক্রেটারিয়েটে শ্রম দফতরের উদ্যোগে একাধিক দফায় বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার-সহ শ্রম দফতরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
সরকারি দাবি অনুযায়ী, এই উদ্যোগের ফলে প্রায় ২০ হাজারেরও বেশি শ্রমিক পুনরায় কর্মসংস্থানের সুযোগ পাবেন। শ্রমিকদের স্বার্থরক্ষা, শিল্পোন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
যে সাতটি জুটমিল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলি হল—
ইন্ডিয়া জুট
হেস্টিংস
গোন্দলপাড়া
এম্পায়ার
লুমটেক্স
শক্তিগড়
হাওড়া জুট মিল
জানা গিয়েছে, প্রতিটি মিলের মালিকপক্ষ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করে ঐকমত্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের বক্তব্য, দীর্ঘদিন ধরে বন্ধ শিল্পে নতুন প্রাণসঞ্চার, শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা এবং বাংলার শিল্পোন্নয়নের গতি আরও ত্বরান্বিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
কলকাতা
বাংলায় খুলছে আরও ৭টি বন্ধ জুটমিল, ২০ হাজারের বেশি শ্রমিকের কর্মসংস্থানের দাবি
হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানের সাতটি বন্ধ চটকল ১০ জুলাইয়ের মধ্যে চালু করার উদ্যোগ। মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনের সঙ্গে একাধিক বৈঠকের পর সিদ্ধান্ত।