ছবি  এ আই দ্বারা নির্মিত
রাজ্য

হলদিয়া পেট্রোকেমের ন্যাপথা পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড: আহত ৩৫, গুরুতর ৫; কলকাতায় স্থানান্তর ২, তদন্তে দুর্ঘটনার কারণ

ভোররাতে চিরঞ্জীবপুরে ন্যাপথা লিকের পর আগুন, পুড়ে ছাই একাধিক বাড়ি; কিছু সময়ের জন্য থমকে হলদিয়া–হাওড়া লোকাল ট্রেন। প্রাথমিকভাবে অননুমোদিত ন্যাপথা সংগ্রহের পয়েন্টের কথা জানাল হলদিয়া পেট্রোকেম, তবে কারণ নিয়ে তদন্ত চলছে।

শেয়ার
X WhatsApp

পশ্চিমবঙ্গের শিল্পনগরী হলদিয়ায় মঙ্গলবার ভোরে ঘটে বড়সড় দুর্ঘটনা। হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা বহনকারী পাইপলাইনে লিক হওয়ার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গুরুতর আহতদের মধ্যে ২ জনকে কলকাতার মেডভিউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর প্রায় ৪টা নাগাদ হলদিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুর এলাকায় পাইপলাইন থেকে ন্যাপথা লিক হওয়ার পর আচমকাই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুনের তীব্রতায় একাধিক শ্রমিক ও স্থানীয় বাসিন্দা দগ্ধ হন। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে পাইপলাইনের সংলগ্ন একাধিক বাড়িঘরও।

ঘটনাস্থলটি হলদিয়া–মেচেদা রেলপথের কাছে হওয়ায় নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য হলদিয়া–হাওড়া লোকাল ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে রেল পরিষেবা স্বাভাবিক হয়।

আহতদের প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে তমলুক মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। বর্তমানে গুরুতর আহতদের মধ্যে দু'জন কলকাতার মেডভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলি।

হলদিয়া পেট্রোকেমিক্যালসের বিবৃতি

ঘটনার পর এক বিবৃতিতে হলদিয়া পেট্রোকেমিক্যালস জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং আহতদের চিকিৎসায় প্রশাসনকে সর্বতোভাবে সহযোগিতা করছে।

সংস্থার দাবি, প্রাথমিক তথ্য অনুযায়ী প্ল্যান্টের বাইরে একটি অননুমোদিত ন্যাপথা সংগ্রহ বা চুরির পয়েন্টের আশেপাশে ঘটনাটি ঘটেছে। তবে সংস্থা স্পষ্ট জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ এখনও তদন্তাধীন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।

ন্যাপথা অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় অননুমোদিতভাবে এর সংস্পর্শে আসা অত্যন্ত বিপজ্জনক বলেও সতর্ক করেছে সংস্থা।

প্রশাসন, দমকল ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলি ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

দক্ষিণ-পূর্ব রেল বিবৃতি দিয়ে কিছু ট্রেন সংক্ষিপ্ত যাত্রা করবে বলে জানিয়েছে

ট্রেনগুলির যাত্রাপথ সংক্ষিপ্তকরণ ও সংক্ষিপ্ত যাত্রা শুরু
.................................

১) ৩০.০৬.২৬ তারিখে ৩৮০৫৩ হাওড়া-হলদিয়া লোকাল ট্রেনটির যাত্রা দুর্গাচক স্টেশনে সংক্ষিপ্ত করা হবে।

২) ৩০.০৬.২৬ তারিখে ৩৮০৫৫ পাঁশকুড়া-হলদিয়া লোকাল ট্রেনটির যাত্রা দুর্গাচক স্টেশনে সংক্ষিপ্ত করা হবে।

৩) ৩০.০৬.২৬ তারিখে ৩৮০৫৭ হাওড়া-হলদিয়া লোকাল ট্রেনটির যাত্রা দুর্গাচক স্টেশনে সংক্ষিপ্ত করা হবে।

৪) ৩০.০৬.২৬ তারিখে ৩৮০৫৬ হলদিয়া-হাওড়া লোকাল ট্রেনটির যাত্রা দুর্গাচক স্টেশন থেকে শুরু করা হবে।

৫) ৩০.০৬.২৬ তারিখে ৩৮০৫৮ হলদিয়া-হাওড়া লোকাল ট্রেনটির যাত্রা দুর্গাচক স্টেশন থেকে শুরু করা হবে।

KOLOROB Note

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে আমাদের Contact পৃষ্ঠার মাধ্যমে জানান। যাচাই শেষে সংশোধনী প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর আরও →
ডানকুনিতে লাক্স কোজির কারখানার শিলান্যাসে বড় বার্তা শমীকের, এবার কি সিঙ্গুরেও ফিরবে শিল্প?
রাজ্য

ডানকুনিতে লাক্স কোজির কারখানার শিলান্যাসে বড় বার্তা শমীকের, এবার কি সিঙ্গুরেও ফিরবে শিল্প?

রাজ্যে টানা বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা! কলকাতাসহ একাধিক জেলায় সতর্কতা
রাজ্য

রাজ্যে টানা বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা! কলকাতাসহ একাধিক জেলায় সতর্কতা

রাজ্য

মুর্শিদাবাদে মিড ডে মিল বিতর্ক: ছাত্রছাত্রীদের খাবার না দিয়ে বাইরে নিয়ে যাওয়ার অভিযোগে উত্তেজনা নবদুর্গা উচ্চ বিদ্যালয়ে

জ্যোতি বসুর ১১৪তম জন্মবার্ষিকী: পরিমিতিবোধ, প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক আভিজাত্যের এক অনন্য অধ্যায়
রাজ্য

জ্যোতি বসুর ১১৪তম জন্মবার্ষিকী: পরিমিতিবোধ, প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক আভিজাত্যের এক অনন্য অধ্যায়