শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার এক গুরুত্বপূর্ণ কর্মসূচির সাক্ষী হতে চলেছে কলকাতা। রাজ্য সরকারের পূর্বঘোষণা অনুযায়ী, নিউ টাউনের ইকো পার্কে ১২৫ ফুট উচ্চতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি নির্মাণের ভূমিপুজো অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
জানা গিয়েছে, সোমবার দুপুরেই কলকাতায় পৌঁছবেন অমিত শাহ। বিমানবন্দর থেকে প্রথমেই তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে গিয়ে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন। এরপর বিকেল প্রায় ৫টা নাগাদ ইকো পার্কে আয়োজিত ভূমিপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে মূর্তি নির্মাণ প্রকল্পের সূচনা করবেন।
মন্ত্রিসভার প্রথম বৈঠকেই হয়েছিল সিদ্ধান্ত
রাজ্যের নবনির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ১২৫ ফুট উচ্চতার মূর্তি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে প্রতি বছর ৫ জুলাই সরকারি ছুটি হিসেবে পালনের সিদ্ধান্তও ঘোষণা করা হয়। পাশাপাশি রাজ্যজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক ও স্মরণমূলক কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
কেন ইকো পার্ক?
রাজ্য সরকারের মতে, কলকাতা বিমানবন্দর থেকে শহরে প্রবেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নিউ টাউনের ইকো পার্ক। দেশ-বিদেশের বহু পর্যটক প্রতিদিন এখানে আসেন। সেই কারণেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরতে এই স্থানকেই বেছে নেওয়া হয়েছে।
সরকারের আশা, ভবিষ্যতে এই ১২৫ ফুট উচ্চতার মূর্তি ইকো পার্কের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।
মিলনমেলায় বিশেষ অনুষ্ঠানেও থাকবেন অমিত শাহ
ইকো পার্কের ভূমিপুজোর অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সায়েন্স সিটির বিপরীতে মিলনমেলা প্রাঙ্গণে আয়োজিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন।
রাজনৈতিক মহলের মতে, এই সফর এবং কর্মসূচি আগামী দিনের রাজ্য রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে।