নারী সুরক্ষায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, চালু হচ্ছে ১১২ হেল্পলাইন, ‘দুর্গা স্কোয়াড’ ও বিশেষ কমিশন
রাজ্যে মহিলাদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে একগুচ্ছ নতুন উদ্যোগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, নারী নির্যাতনের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং ভবিষ্যতে এমন অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আর কোনওভাবেই নারী নির্যাতনের ঘটনা বরদাস্ত করা হবে না। অতীতের একাধিক আলোচিত ঘটনার উল্লেখ করে তিনি জানান, বিচার না পাওয়া পুরনো অভিযোগগুলিও নতুন করে খতিয়ে দেখা হবে।
গঠন হল রাজ্য নারী সুরক্ষা কমিশন
নারী নির্যাতনের অভিযোগ দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে রাজ্য নারী সুরক্ষা কমিশন গঠন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি এবং সদস্য-সচিব হয়েছেন আইপিএস অফিসার দময়ন্তী সেন।
মুখ্যমন্ত্রী জানান, অতীতের ঘটনাগুলির ক্ষেত্রেও অভিযোগ গ্রহণ করা হবে এবং প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১১২ হেল্পলাইন, মহিলা ডেস্ক ও ‘দুর্গা স্কোয়াড’
নারী নিরাপত্তা জোরদারে একাধিক প্রশাসনিক পদক্ষেপের কথাও ঘোষণা করা হয়েছে।
আগামী ২ তারিখ থেকে রাজ্যের প্রতিটি থানায় চালু হবে মহিলা ডেস্ক।
প্রতিটি মহকুমায় গড়ে তোলা হবে মহিলা থানা।
মহিলা পুলিশকর্মীদের নিয়ে গঠন করা হবে বিশেষ ‘দুর্গা স্কোয়াড’।
তৈরি হবে দুটি নতুন মহিলা পুলিশ ব্যাটালিয়ন।
আগামী মহালয়া থেকে চালু হবে মহিলাদের জন্য জরুরি হেল্পলাইন ১১২।
প্রতিটি থানায় এই পরিষেবার জন্য থাকবে একটি নির্দিষ্ট পুলিশ যান।
মুখ্যমন্ত্রীর দাবি, এই ব্যবস্থার ফলে জরুরি পরিস্থিতিতে পুলিশের সাড়া দেওয়ার সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
মহিলাদের আর্থিক স্বনির্ভরতায়ও জোর
নিরাপত্তার পাশাপাশি মহিলাদের আর্থিক ক্ষমতায়নেও একাধিক ঘোষণা করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, আগস্ট মাস থেকে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে প্রসূতি মায়েদের মোট ২১ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে দেওয়া হবে পুষ্টিকর খাদ্য কিট।
এছাড়া,
১ লক্ষ নতুন কর্মসংস্থানের মধ্যে ৩০ হাজার চাকরি মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
উচ্চশিক্ষায় মেয়েদের ড্রপআউট রোধে ছাত্রীদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হবে।
বিরোধীদেরও আক্রমণ
অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী দাবি করেন, সাধারণ মানুষের কাছে আর্থিক ভাতার চেয়েও মেয়েদের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিরোধী দলগুলির সমালোচনা করে তিনি বলেন, নারী সুরক্ষার প্রশ্নে সরকার কোনও আপস করবে না।