নারীপাচার রোধে কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্যজুড়ে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। রবিবার শিলিগুড়ির উত্তরকন্যায় দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, পুলিশ, প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের নিয়ে এই টাস্ক ফোর্স গঠন করা হবে।
মন্ত্রী জানান, সীমান্তবর্তী ও স্পর্শকাতর এলাকাগুলিতে নারীপাচারের ঘটনা রুখতে সমন্বিতভাবে কাজ করবে এই বিশেষ দল। পাশাপাশি বাল্যবিবাহ এবং অল্প বয়সে মাতৃত্বের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধেও সচেতনতা বৃদ্ধি করা হবে।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পল বলেন, রাজ্যে এখনও অনেক ক্ষেত্রে কম বয়সে বিয়ের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে নাবালিকাদের মধ্যে মাতৃত্বের ঝুঁকি বাড়ছে। একইসঙ্গে কাজের প্রলোভন দেখিয়ে বহু মহিলাকে পাচার করা হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এই পরিস্থিতি মোকাবিলায় পরিবার, সমাজ এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে বলে মত প্রকাশ করেন মন্ত্রী।
নারীপাচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে বিশেষ প্রচার কর্মসূচি চালানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। সীমান্ত সংলগ্ন এলাকা এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলে ধারাবাহিক প্রচারাভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, শহর ও নগরাঞ্চলের পরিচ্ছন্নতা বজায় রাখতেও কড়া অবস্থান নিয়েছে সরকার। অগ্নিমিত্রা পল ঘোষণা করেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাস্তাঘাট নোংরা করা, যেখানে সেখানে আবর্জনা ফেলা, থুতু ফেলা বা পানের পিক ফেললে জরিমানা করা হবে। এছাড়াও নির্দিষ্ট পার্কিং জোনের বাইরে যানবাহন দাঁড় করালেও জরিমানার মুখে পড়তে হবে।
বর্ষার আগে নিকাশি ব্যবস্থাকে আরও কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন মন্ত্রী। শহরগুলিতে জল জমার সমস্যা এড়াতে আগাম ব্যবস্থা গ্রহণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ভোট-পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় থাকা পুরনো হোর্ডিং ও ব্যানার দ্রুত সরিয়ে ফেলার নির্দেশও দেন তিনি। মন্ত্রীর বক্তব্য, বেআইনি হোর্ডিং সরিয়ে আধুনিক ডিজিটাল হোর্ডিংয়ের ব্যবস্থা করা হবে। পাশাপাশি বাসস্ট্যান্ডগুলিকে বিজ্ঞাপন প্রদর্শনের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে সরকারের।
রাজনৈতিক প্রসঙ্গেও এদিন সরব হন অগ্নিমিত্রা পল। বর্ষার আগে কলকাতা পুরনিগমের মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফাকে তিনি ‘দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ’ বলে মন্তব্য করেন। একইসঙ্গে বর্তমান বিরোধী দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে ‘টুকরে টুকরে গ্যাং’ বলেও আক্রমণ শানান।
সব মিলিয়ে, নারী ও শিশু সুরক্ষা থেকে শুরু করে নগর পরিচ্ছন্নতা— একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজ্য সরকারের নতুন কর্মপরিকল্পনার ইঙ্গিত মিলল উত্তরকন্যার এই বৈঠক থেকে।