রাজ্য সরকারের প্রথম দফতরভিত্তিক পর্যালোচনা বৈঠক আগামী ২ জুলাই (বৃহস্পতিবার) নবান্ন সভাঘরে অনুষ্ঠিত হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে রাজ্যের বিভিন্ন দফতরের কাজের অগ্রগতি, সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
সূত্রের খবর, নতুন সরকারের বয়স প্রায় দু'মাস হতে চলেছে। এই সময়ে বিভিন্ন দফতরের কাজ কতটা এগিয়েছে এবং আগামী দিনে কোন প্রকল্প কীভাবে দ্রুত বাস্তবায়ন করা হবে, তা নিয়েই মূলত এই বৈঠকে পর্যালোচনা করা হবে। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দফতরগুলিকে প্রয়োজনীয় নির্দেশও দিতে পারেন।
এর আগে ইতিমধ্যেই পাঁচটি রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিধানসভায় রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেটে ঘোষিত বিভিন্ন কর্মসূচি এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্পের বাস্তবায়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
বৈঠকে সমস্ত দফতরের পূর্ণমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, দফতরভিত্তিক শীর্ষ আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও উপস্থিত থাকবেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা-সহ প্রশাসনের একাধিক শীর্ষকর্তা।
প্রশাসনিক মহলের মতে, এই বৈঠকের মাধ্যমে আগামী কয়েক মাসের উন্নয়নমূলক কাজের রূপরেখা আরও স্পষ্ট হবে এবং বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে গতি আনতে প্রয়োজনীয় নির্দেশ জারি করা হতে পারে।
রাজ্য
নবান্নে প্রথম দফতরভিত্তিক পর্যালোচনা বৈঠক ২ জুলাই, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন প্রকল্পে জোর
নতুন সরকারের প্রায় দু'মাস পূর্তির মুখে নবান্নে সব দফতরের পূর্ণমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ আমলাদের নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক। প্রকল্প বাস্তবায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিশা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।