দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার রেড রোডের পরিবর্তে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হল ঈদ-উল-আজহার নমাজ। বৃহস্পতিবার সকাল থেকেই বিপুল উৎসাহের সঙ্গে কাতারে কাতারে মানুষ ভিড় জমান ব্রিগেডে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পালাবদলের পর রাজ্য সরকারের নির্দেশেই এই স্থান পরিবর্তন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
এদিন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে নমাজ পাঠ সম্পন্ন হয়। সাধারণ মানুষের সুবিধার্থে কলকাতা পুলিশের পক্ষ থেকে গোটা চত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। মাঠের একটি নির্দিষ্ট অংশ গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়। পাশাপাশি, নমাজ পরিচালনার জন্য বিশেষ মঞ্চ, চারদিকে পর্যাপ্ত স্পিকার এবং অস্থায়ী শৌচাগারের ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো।
উৎসবের এই শুভ দিনে এক্স (X) হ্যান্ডেলে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, 'যাঁরা ঈদ পালন করছেন তাঁদের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই।'
ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ব্রিগেডে ঈদের নমাজ এই প্রথম নয়। এর আগে ১৯৭৮ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের শুরুর দিকে এই মাঠে ঈদের নমাজ পড়া হয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে রেড রোডেই এই জমায়েত হয়ে আসছিল। প্রায় পাঁচ দশক পর ফের ব্রিগেডে এই ঐতিহাসিক জমায়েত নির্বিঘ্নেই সম্পন্ন করল প্রশাসন।