রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন তথাকথিত ‘ডাবল ইঞ্জিন’ সরকার ক্ষমতায় আসার মাত্র দু’মাসের মধ্যেই একাধিক ইস্যু সামনে এনে কড়া রাজনৈতিক আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে করা একটি দীর্ঘ পোস্টে তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে মোট ১৫টি অভিযোগ তুলে ধরে দাবি করেন, এই স্বল্প সময়েই পশ্চিমবঙ্গে গণতন্ত্র, প্রশাসন ও সাধারণ মানুষের অধিকার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অভিষেকের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার উদ্দেশ্যে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং দল ভাঙানোর চেষ্টা চলছে। পাশাপাশি হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তাঁর আরও অভিযোগ, বিরোধী কণ্ঠস্বর দমাতে ইডি, সিবিআই, সিআইডি ও এসটিএফ-কে ব্যবহার করা হচ্ছে এবং বহু বিরোধী নেতাকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে।
প্রশাসনিক ক্ষেত্রেও তীব্র সমালোচনা করেছেন তৃণমূল নেতা। তাঁর দাবি, আদালতে পশ্চিমবঙ্গ সরকারের হয়ে সলিসিটর জেনারেল বারবার সময় চেয়ে মামলার শুনানি পিছিয়ে দিচ্ছেন, যার ফলে সাধারণ মানুষের স্বার্থে দায়ের হওয়া মামলাগুলিতে দ্রুত কোনও স্বস্তি মিলছে না। পাশাপাশি যোগ দিবস উপলক্ষে দীর্ঘ সময় ধরে রাস্তা অবরুদ্ধ রাখার ঘটনাকেও জনভোগান্তির উদাহরণ হিসেবে তুলে ধরেছেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, গত দু’মাসে নাবালিকাসহ একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলা, প্রান্তিক মানুষ ও হকারদের উচ্ছেদ এবং বুলডোজার অভিযান চালানোর অভিযোগও তুলেছেন তিনি।
সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়েও সরব হয়েছেন অভিষেক। তাঁর দাবি, রাজ্যের জনপ্রিয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প থেকে প্রায় এক কোটি প্রকৃত উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে মিড-ডে মিল থেকে ডিম সরিয়ে নিরামিষ খাবার চালুর সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন তিনি। তাঁর বক্তব্য, এর ফলে স্কুলপড়ুয়া শিশুরা প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে।
সবশেষে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, “যদি বিজেপি সত্যিই বিশ্বাস করে যে মানুষের রায়ে তারা পশ্চিমবঙ্গে জিতেছে, তাহলে রাজনৈতিক বিরোধী এবং তৃণমূলকে এত ভয় পাচ্ছে কেন?”
এই পোস্টের মাধ্যমে বিজেপি সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের বার্তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
রাজনীতি
‘ডাবল ইঞ্জিন’ সরকারের দু’মাসে ১৫ ‘কীর্তি’! সমাজমাধ্যমে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
রাজনৈতিক প্রতিহিংসা, আইনশৃঙ্খলার অবনতি, লক্ষ্মীর ভাণ্ডার, মিড-ডে মিল থেকে ডিম বাদ— একাধিক ইস্যু তুলে ধরে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।