বীরভূম জেলার নলহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙনের ছবি সামনে এল। রবিবার প্রাক্তন প্রধান লিটন মণ্ডল-সহ প্রায় ৪০০ জন তৃণমূল নেতা-কর্মী ও সমর্থক জেলা কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন।
নলহাটির বিভিন্ন ওয়ার্ড এবং বুথ এলাকা থেকে আসা এই কর্মী-সমর্থকদের বীরভূম জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ মুখোপাধ্যায়ের হাত ধরে দলে স্বাগত জানানো হয়। রাজনৈতিক মহলের মতে, জেলার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই এই যোগদান বিশেষ তাৎপর্য বহন করছে।
স্থানীয় সূত্রে দাবি, সাম্প্রতিক নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফল আশানুরূপ না হওয়ার পর থেকেই দলের অন্দরে অসন্তোষ বাড়তে শুরু করেছে। সেই পরিস্থিতিতে একাংশের নেতা-কর্মী বিকল্প রাজনৈতিক আশ্রয়ের খোঁজ করছেন। বিজেপিতে যোগদানের সুযোগ সীমিত থাকায় বহু কর্মী কংগ্রেসের দিকে ঝুঁকছেন বলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত।
এদিনের যোগদান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতৃত্ব দাবি করে, নলহাটি-সহ জেলার বিভিন্ন প্রান্তে সংগঠনের শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা কংগ্রেসের প্রতি নতুন করে আস্থা দেখাতে শুরু করেছেন বলেও তাদের দাবি।
অন্যদিকে, তৃণমূলের এই ভাঙনকে সামনে রেখে জেলার রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে এই যোগদানের ধারা অব্যাহত থাকলে বীরভূমের রাজনীতিতে তার প্রভাব পড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।