বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নাটক, উত্তেজনা ও বিতর্ক—সবকিছুর সাক্ষী থাকল পর্তুগাল বনাম চিলি ম্যাচ। একদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল অফসাইডে বাতিল, অন্যদিকে মাঠে হাতাহাতির জেরে দুই দলের দুই ফুটবলারের সরাসরি লাল কার্ড। এমন উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নিল পর্তুগাল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় পর্তুগালকে। একাদশে ছিলেন দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের ৩৫ মিনিটে তিনি বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। বিরতির সময় সতর্কতামূলক সিদ্ধান্তে রোনালদোকে মাঠ থেকে তুলে নেন কোচ।
দ্বিতীয়ার্ধে রোনালদোর বদলি হিসেবে নেমে দলের হয়ে প্রথম গোলটি করেন গনসালো গুয়েদেস। এরপর ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। তার গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় পর্তুগাল।
তবে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে রাফায়েল লেয়াও ও চিলির ডিফেন্ডার ইভান রোমানের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে। ফাউলের ঘটনায় বাকবিতণ্ডা শুরু হওয়ার পর মেজাজ হারিয়ে রোমানকে ঘুষি মারেন লেয়াও। পাল্টা প্রতিক্রিয়া জানান রোমানও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুজনকেই সরাসরি লাল কার্ড দেখান ম্যাচ রেফারি।
ইনজুরি টাইমে চিলির হয়ে একটি গোল শোধ করেন লুকাস কাপেদা। তবে শেষ মুহূর্তের সেই গোল পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল।
আসন্ন বিশ্বকাপে ‘কে’ গ্রুপে খেলবে পর্তুগাল। গ্রুপে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান ও ডিআর কঙ্গো। ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগিজরা। প্রস্তুতি ম্যাচের এই জয় দলকে আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।