মুক্তির আগেই বক্স অফিসে ইতিবাচক ইঙ্গিত দিতে শুরু করেছে বলিউডের বহুল প্রতীক্ষিত রোমান্টিক ড্রামা ‘ককটেল ২’। প্রেক্ষাগৃহে ছবি মুক্তি পেতে আর মাত্র একদিন বাকি থাকলেও অগ্রিম টিকিট বিক্রির পরিসংখ্যান দেখে যথেষ্ট আশাবাদী নির্মাতা ও পরিবেশকরা।
ভারতীয় ট্রেড অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ছবিটির ৭১ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। অগ্রিম বুকিং থেকে ব্লক সিট বাদে ছবির মোট গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪৯ লক্ষ টাকা। ব্লক সিটের হিসাব যুক্ত করলে সেই অঙ্ক বেড়ে প্রায় ৪ কোটি ৬৬ লক্ষ টাকায় পৌঁছেছে।
অগ্রিম বুকিংয়ের নিরিখে দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে দিল্লি-এনসিআর অঞ্চল। সেখানে ইতিমধ্যেই প্রায় ৯৬ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই, যেখানে অগ্রিম বুকিং থেকে এসেছে প্রায় ৬৪ লক্ষ টাকা। এছাড়া বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে, কলকাতা ও আহমেদাবাদের দর্শকদের মধ্যেও ছবিটি নিয়ে উৎসাহ চোখে পড়ার মতো।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ছবি ‘ককটেল’-এর সিক্যুয়েল হিসেবেই তৈরি হয়েছে ‘ককটেল ২’। প্রথম ছবিতে অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি। নতুন অধ্যায়ে মুখ্য ভূমিকায় দেখা যাবে শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা এবং কৃতি শ্যাননকে। পরিচালনার দায়িত্বে রয়েছেন আগের ছবির পরিচালক হোমি আদাজানিয়া।
এরই মধ্যে ছবির নতুন গান ‘বন্ধু ২.০’ সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ‘তুমহি হো বন্ধু’ গানের নতুন সংস্করণ হিসেবে প্রকাশিত এই গান মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই লক্ষাধিক দর্শকের নজর কাড়ে।
গানটিতে শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যাননের প্রাণবন্ত রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন কবিতা শেঠ ও নীরজ শ্রীধর। সুর করেছেন প্রীতম চক্রবর্তী এবং গীত রচনা করেছেন ইরশাদ কামিল।
নেটিজেনদের একাংশের মতে, মূল গানের আবহ ও নস্ট্যালজিয়াকে বজায় রেখেই আধুনিক উপস্থাপনায় তৈরি হয়েছে ‘বন্ধু ২.০’। বিশেষ করে রাশমিকা মান্দানার উপস্থিতি এবং শাহিদ-কৃতির সঙ্গে তাঁর স্ক্রিন কেমিস্ট্রি ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়ে উঠেছে।
অগ্রিম বুকিংয়ের শক্তিশালী পরিসংখ্যান এবং গানের বিপুল জনপ্রিয়তা— এই দুইয়ের জোরে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘ককটেল ২’। এখন নজর প্রথম দিনের বক্স অফিস সংগ্রহের দিকে। দর্শকদের এই আগ্রহ ছবির ব্যবসায় কতটা ইতিবাচক প্রভাব ফেলে, সেটাই দেখার।