যশের ‘টক্সিক’-এর নতুন প্রোমো ঘিরে বিতর্ক, নারীদের উপস্থাপন নিয়ে উঠছে প্রশ্ন
দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুচর্চিত ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগেই ফের বিতর্কের কেন্দ্রে। বুধবার প্রকাশ্যে এসেছে ছবির নতুন প্রোমো ‘লেডিজ অ্যান্ড লেডিজ’, যেখানে সিনেমার পাঁচ নারী চরিত্রের ঝলক দেখানো হয়েছে। কিন্তু সেই ঝলক প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা।
সমালোচকদের অভিযোগ, নারী চরিত্রদের এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তাঁরা শুধুমাত্র নায়ককে কেন্দ্র করেই আবর্তিত। অনেকের মতে, প্রোমোতে নারীদের ব্যক্তিত্ব বা গল্পের গুরুত্ব তুলে ধরার বদলে তাঁদের ‘ভোগ্যপণ্য’ হিসেবে দেখানো হয়েছে। ফলে ছবির নির্মাতাদের বিরুদ্ধে ফের উঠেছে ‘টক্সিক পুরুষতন্ত্র’ এবং ‘উগ্র পৌরুষ’ প্রচারের অভিযোগ।
নায়িকাদের উপস্থিতি নিয়েও প্রশ্ন
‘লেডিজ অ্যান্ড লেডিজ’ শিরোনামের এই প্রোমোয় দেখা গেছে নয়নতারা, কিয়ারা আডবানি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কুরেশিকে। তবে দর্শকদের একাংশের অভিযোগ, পাঁচ নায়িকার উপস্থিতিই অত্যন্ত সংক্ষিপ্ত। যে প্রোমো নারী চরিত্রদের পরিচয় করানোর জন্য তৈরি, সেখানে তাঁদের স্ক্রিন টাইম এত কম কেন— সেই প্রশ্নও তুলেছেন অনেকে।
প্রোমোর সংলাপ নিয়েও আপত্তি উঠেছে। সমালোচকদের দাবি, এমনভাবে সংলাপ লেখা হয়েছে যাতে মনে হয় গোটা বিশ্বের সব নারী যেন একমাত্র যশের সঙ্গ পাওয়ার জন্যই ব্যাকুল। এই উপস্থাপনাকে অনেকেই নারীদের প্রতি অসম্মানজনক বলে মন্তব্য করেছেন।
‘অ্যানিম্যাল’-এর সঙ্গে তুলনা
সোশ্যাল মিডিয়ায় বহু ব্যবহারকারী ছবিটির সঙ্গে ‘অ্যানিম্যাল’-এর তুলনা টেনেছেন। তাঁদের মতে, এখানেও পুরুষতান্ত্রিক দম্ভ এবং নারীদের বস্তু হিসেবে দেখানোর প্রবণতা স্পষ্ট। কেউ কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, ‘লেডিজ অ্যান্ড লেডিজ’ নাম হলেও পুরো প্রোমো কার্যত যশকেন্দ্রিক।
অনেকের মন্তব্য, প্রোমোতে নারীদের গুরুত্বের চেয়ে তাঁদের উপস্থিতিকে কেবলমাত্র নায়কের ব্যক্তিত্ব তুলে ধরার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে।
এর আগেও বিতর্কে ‘টক্সিক’
এটাই প্রথম নয়। চলতি বছরের শুরুতে যশের জন্মদিন উপলক্ষে মুক্তি পাওয়া ‘টক্সিক’-এর প্রথম টিজারও বিতর্ক তৈরি করেছিল। সেখানে গোরস্থানের মধ্যে যৌন আবেদনময় দৃশ্য দেখানোর অভিযোগে কর্ণাটকে প্রবল সমালোচনা হয়। কন্নড় সংস্কৃতিকে অপমান এবং অশালীন কনটেন্ট প্রচারের অভিযোগ তুলে আপত্তি জানিয়েছিল বিভিন্ন মহল। এমনকি কর্ণাটক মহিলা কমিশন-ও সোশ্যাল মিডিয়ায় কোনও সতর্কীকরণ ছাড়া টিজার প্রচার নিয়ে প্রশ্ন তুলেছিল।
কবে মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মূলত নব্বইয়ের দশকের গোয়াকে কেন্দ্র করে নির্মিত একটি গ্যাংস্টার ড্রামা। অপরাধ, মাদকচক্র, ক্ষমতার লড়াই এবং অন্ধকার আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে তৈরি হয়েছে ছবির কাহিনি।
ছবিটি আগামী ২৬ আগস্ট, ২০২৬ বিশ্বজুড়ে মুক্তি পাবে। কন্নড় ও ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু এবং মালয়ালম ভাষাতেও মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত ছবি