সন্ত্রাসবাদ মোকাবিলায় হাত মেলাল ভারত ও স্লোভাকিয়া, একাধিক মউ, মোদীর সফরে দুদেশের সম্পর্কে শুরু নতুন অধ্যায়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করল ভারত ও স্লোভাকিয়া। মোদীর ব্রাতিস্লাভা সফরকালে সোমবার দুই দেশ সন্ত্রাসবাদ মোকাবিলায় একটি যৌথ কর্মসমিতি (Joint Working Group - JWG) গঠনের সিদ্ধান্ত নিয়েছে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনা করেন।
১৪ থেকে ১৬ জুন পর্যন্ত স্লোভাকিয়া সফরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর আমন্ত্রণেই মোদীর এই রাষ্ট্রীয় সফর। ব্রাতিস্লাভার ঐতিহাসিক ব্রাতিস্লাভা ক্যাসেলের পটভূমিতে প্রধানমন্ত্রী মোদীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে শুরু হয় দুই রাষ্ট্রনেতার বৈঠক। উল্লেখযোগ্যভাবে, ১৯৯৩ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর করছেন। বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী মোদীর এই সফর ভারত-স্লোভাকিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে ।
এই সফর প্রযুক্তি, শিক্ষা, গবেষণা, নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। দুই দেশ কসিচে টেকনিক্যাল ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বিষয়ক প্রথম আইসিসিআর (ICCR) চেয়ার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য ট্যুর অপারেটরদের সংগঠনগুলির মধ্যেও সমঝোতা হয়েছে।
এদিন ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’-এ উন্নীত করার ঘোষণাও করে। বৈঠকের পর সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লেখেন, “প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। ভারত-স্লোভাকিয়া বন্ধুত্বের জন্য এটি সত্যিই একটি বিশেষ মুহূর্ত। আমাদের সম্পর্কের বিপুল সম্ভাবনার কথা বিবেচনা করে আমরা সম্পর্ককে কমপ্রিহেনসিভ পার্টনারশিপে উন্নীত করেছি।”
পাশাপাশি মোদীর এই ঐতিহাসিক স্লোভাকিয়া সফরে দুই দেশ সব ধরনের সন্ত্রাসবাদের, বিশেষ করে সীমান্তপারের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছে। ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাওয়ে জঙ্গি হামলারও কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। ভারত ও স্লোভাকিয়া সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথ কর্মসমিতি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদী জানান, ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে তিনি এই আমন্ত্রণ জানিয়েছেন এবং ফিকো প্রকাশ্যেই সেই আমন্ত্রণ গ্রহণ করায় তিনি আনন্দিত।