প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরে পথ চলা শুরু হল ভারত-ফ্রান্স সম্পর্কের এক নতুন অধ্যায়ের। ফ্রান্সের নিস শহরে রবিবার দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৈঠকে প্রতিরক্ষা, মহাকাশ, পারমাণবিক শক্তি, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই বৈঠকটি ছিল ভারত-ফ্রান্স সম্পর্ককে ‘স্পেশাল গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এ তুলে আনার পর দুই রাষ্ট্রনেতার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল হল ‘ইনোভেশন রোডম্যাপ ২০৩০’কে গ্রহণ করা। এই রোডম্যাপ আগামী দিনে প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে ভারত-ফ্রান্স সহযোগিতার এক দীর্ঘমেয়াদি দিকনির্দেশ করবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে যৌথ ভারত-ফ্রান্স এআই ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) দ্রুত কার্যকর করার পক্ষেও সওয়াল করেন দুই রাষ্ট্রনেতা। তাঁদের মতে, এই চুক্তি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ইউপিআই (UPI)-এর ফ্রান্সে ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকেও স্বাগত জানিয়েছেন তাঁরা। দুই দেশের উদ্ভাবন-সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ১৯টি চুক্তি স্বাক্ষরিত হওয়ার বিষয়টিও সঙ্গে তুলে ধরা হয়।
দুই দেশের সরকার জানিয়েছে উদীয়মান প্রযুক্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা, শিক্ষা, প্রতিরক্ষা এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে যৌথ উদ্যোগকে আরও সম্প্রসারিত করা হবে। এক্ষেত্রে কৌশলগত সহযোগিতা জোরদার করতে ১৩টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। যা দুদেশের ‘স্পেশাল গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-কে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সাংস্কৃতিক ক্ষেত্রেও সহযোগিতা সম্প্রসারণেও একমত হয়েছে দুই দেশ। বিশেষ করে মোদী –ম্যাক্রো বৈঠকে জাদুঘর এবং ঐতিহ্য সংরক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। এবার ফ্রান্সের এভিয়ানে বসতে চলেছে জি-৭ শীর্ষ সম্মেলনের আসর। তার আগে নিস-এর বৈঠকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি, ইউক্রেন সংঘাতসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই রাষ্ট্রনেতা।
আন্তর্জাতিক
ভারত-ফ্রান্স সম্পর্কের নতুন অধ্যায়, মোদী-ম্যাক্রোঁর বৈঠকে গৃহীত ‘ইনোভেশন রোডম্যাপ ২০৩০’
ফ্রান্সের এভিয়ানে বসতে চলেছে জি-৭ শীর্ষ সম্মেলনের আসর। তার আগে নিস-এর বৈঠকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি, ইউক্রেন সংঘাতসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময়