যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পাইলট-সহ ১২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, একটি স্কাইডাইভিং কোম্পানির ভাড়া করা বিমান উড়ানের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।
বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় রবিবার সকাল ১১টা ২০ মিনিটে বিমানটি বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থরানে। উড়ানের পরপরই বিমানটি হঠাৎ তীব্রভাবে বাম দিকে মোড় নেয় এবং বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে মাটিতে আছড়ে পড়ে।
দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে মোট ১২ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা ঘটনাটিকে গণ-হতাহতের ঘটনা হিসেবে বিবেচনা করছি।" তিনি আরও জানান, এটি কোনও বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিল না; বরং স্থানীয় স্কাইডাইভিং কার্যক্রমে ব্যবহৃত একটি ছোট বিমান ছিল।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি৭৫০ মডেলের। বিমানটি উড্ডয়নের সময়ই দুর্ঘটনার কবলে পড়ে। এফএএ আরও জানায়, দুর্ঘটনার সময় সংশ্লিষ্ট আকাশসীমায় এয়ার ট্রাফিক পরিষেবা চালু ছিল না। তবে বিমানটির ওই আকাশসীমায় উড়তে বিশেষ যোগাযোগের প্রয়োজনও ছিল না।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার আগে কোনও স্কাইডাইভার বিমান থেকে ঝাঁপ দিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে উদ্ধারকারী দল ঘটনাস্থল ও আশপাশের এলাকা তল্লাশি চালিয়েছে। নিহতদের পরিবারের কয়েকজন সদস্য ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলেও জানিয়েছেন শেরিফ অ্যান্ডারসন।
এখনও পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। সংস্থাটি দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে নেতৃত্ব দিচ্ছে।
উল্লেখ্য, বাটলার শহরটি কানসাস সিটি মেট্রোপলিটন এলাকার প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত।